তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নির্বাচিত উদ্যোক্তারা ব্যবসার প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার বিধান রয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিজের ব্যবসায়িক উদ্যোগ, ব্যবসার ধারণা অথবা নতুন ব্যবসা শুরুর বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে। তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসা পরিচালনার জন্য ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা এ কর্মসূচির আওতায় অর্থায়নের জন্য যোগ্য নন।

কোন কোন ব্যবসায় আবেদন করা যাবে?

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসহ বাংলাদেশের প্রচলিত আইনে বৈধ বিভিন্ন ব্যবসা এ কর্মসূচির আওতায় রয়েছে।

citytouch 728-X-90

কত টাকা পাওয়া যাবে?

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যবসার প্রকৃত প্রয়োজন ও ব্যয় পরিকল্পনার ভিত্তিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন নির্ধারণ করা যাবে। ঋণ ও অনুদানের অনুপাত ৫০:৫০—অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান।তবে সবাই সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন না। উদাহরণ হিসেবে, কোনো ব্যবসায় ১২ লাখ টাকা প্রয়োজন হলে সর্বোচ্চ ৬ লাখ টাকা ঋণ ও ৬ লাখ টাকা অনুদান দেওয়া যেতে পারে।

একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, ঋণ পরিশোধে ব্যর্থ হলে বা অর্থ যথাযথভাবে ব্যবহার না হলে অনুদানের সমপরিমাণ অর্থও ঋণে পরিণত হবে। অর্থাৎ অনুদানের সুবিধা ধরে রাখতে ঋণের শর্ত মেনে পরিশোধ করতে হবে।

আবেদন করবেন কীভাবে?

আবেদনকারী যে উপজেলায় স্থায়ী বাসিন্দা, সেই উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। যে ব্যাংকে আবেদন করবেন, সেখানে আগে থেকে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক নয়।

আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইটে। সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকেও ফরম সংগ্রহ করা যাবে।

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে), পাসপোর্ট সাইজের ছবি এবং পূরণ করা আবেদন ফরম জমা দিতে হবে। স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/কাউন্সিলরের নাগরিক সনদ বা প্রত্যয়নপত্রও প্রয়োজন হবে।আবেদনের সময়সীমা

প্রথম ধাপে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর ২০২৬ এবং শেষ হবে ১৫ অক্টোবর ২০২৬। অন্যান্য জেলার অন্তর্ভুক্ত উপজেলার উদ্যোক্তাদের জন্য ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন নেওয়ার তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রচারসংক্রান্ত তথ্যে জানানো হয়েছে।শুধু ঋণ-অনুদান নয়, আরও সুবিধা

‘উদ্যোগ’ কর্মসূচিতে নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা, ব্যবসা নিবন্ধন এবং বাজার সংযোগের সুযোগ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।