জ্বালানি তেলের দাম নিয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ফটোকার্ডে দাবি করা হয়, তারেক রহমান ভর্তুকি না দিলে তেলের দাম লিটারপ্রতি ৭০০ টাকা হয়ে যেত। তবে নয়নের দাবি, এটি বর্তমান সময়ের বক্তব্য নয়; কয়েক বছর আগের নির্দিষ্ট প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যের অংশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। তার দাবি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার সময় তিনি ওই বক্তব্য দিয়েছিলেন।

নয়নের ভাষ্য, ওই পরিস্থিতিতে ভর্তুকি না দেওয়া হলে দেশের বাজারে তেলের দাম লিটারপ্রতি ৭০০ টাকা পর্যন্ত হতে পারত—এমন কথা তিনি তখন বলেছিলেন। তার দাবি, সেই সময়ের বক্তব্যের ফটোকার্ডই বর্তমানে নতুন করে প্রচার করা হচ্ছে।

citytouch 728-X-90

নয়ন আরও দাবি করেন, একটি গোষ্ঠী পুরোনো বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য হিসেবে প্রচার করছে। তিনি বলেন, বর্তমানে তিনি কোথাও এ ধরনের বক্তব্য দেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তবে একই দিনে প্রকাশিত আরেক প্রতিবেদনে নয়নের সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হলে তারেক রহমানের জায়গায় অন্য কেউ থাকলে দাম ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত উঠতে পারত—এমন মন্তব্য তিনি করেছেন। ফলে ভাইরাল ফটোকার্ডের বক্তব্যের সময়কাল ও প্রেক্ষাপট নিয়ে তার ব্যাখ্যাটি আলাদাভাবে সামনে এসেছে।