দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিদ্যুৎমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি মন্ত্রীকে ‘অপদার্থ’ বলে মন্তব্য করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে বগুড়ার মাটিডালি বিমান মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান দাবি করেন, দেশে বিদ্যুৎ সংকট থাকলেও তা অস্বীকার করা হচ্ছে। তিনি বিদ্যুৎমন্ত্রীর ‘লোডশেডিং নেই’—এমন বক্তব্যের সমালোচনা করে বলেন, এ ধরনের পরিস্থিতিতে “একজন অপদার্থ মানুষকে জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে মন্ত্রী বানিয়ে রাখা হয়েছে।
লংমার্চের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শফিকুর রহমান জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি দমন, কর্মসংস্থান, সার ও বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, এসব বিষয়ে সরকারের কাছে আট দফা দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, আট দফা দাবি মানা হলে ‘এক দফা’র প্রয়োজন হবে না। তবে দাবি মানা না হলে ‘এক দফার’ জন্য প্রস্তুত থাকার কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি জানান, পরবর্তী লংমার্চ পঞ্চগড় থেকে ঢাকার দিকে হতে পারে।
সিরাজগঞ্জ অতিক্রমের সময়ের একটি ঘটনার বর্ণনা দিয়ে শফিকুর রহমান বলেন, পথের মানুষ তাকে ‘দাদু, এক দফা’ বলে ডাকছিলেন। তার ভাষ্য, “এক দফার ডাক” নিয়ে মানুষ প্রস্তুত রয়েছে।










