‘একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি’—এমন মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদল বিজ্ঞপ্তি প্রকাশ করে।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে তার ফেসবুক পোস্টের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।
এর আগে নিজের ফেসবুক পোস্টে জাকিরুল লিখেছিলেন, ‘যাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’ একই পোস্টে তিনি ‘দলের আগে দেশ’ এবং ‘আমি দেশের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে’ বলেও মন্তব্য করেন।
বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর সোমবার সকালে তিনি ফেসবুকে ওই পোস্ট করেছিলেন এবং পোস্টের পরই বহিষ্কারের চিঠি পেয়েছেন। তবে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে শুধু সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা বলা হয়েছে।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।










