দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা শাখার সাবেক সহসভাপতি শামীম মাহবুবকে বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয়েছে। মামলায় তার নাম ৬০ নম্বর আসামি হিসেবে থাকায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শামীম মাহবুব উপজেলার তারাব পৌরসভার রূপসীবাগ এলাকার হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে। পরিবারের দাবি, ২০২৪ সালের ১৫ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। অথচ গত ১৮ সেপ্টেম্বরের একটি ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে।

citytouch 728-X-90

রূপগঞ্জ থানার এসআই হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ১৮ সেপ্টেম্বর বিকেলে গুতিয়াব এলাকায় ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের হইয়া ব্রিজের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, মামলায় এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তবে মৃত শামীম মাহবুবের নাম আসামির তালিকায় থাকায় প্রশ্ন উঠেছে।

মামলার বাদী এসআই হারুনুর রশিদ বলেন, “কম্পিউটারে টাইপিং মিস্টেকের কারণে নামটা ভুল এসেছে। আমরা পরে সংশোধন করেছি।” নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পুলিশ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে মামলা করেছে; বিষয়টি যাচাই-বাছাইয়ের পর বিস্তারিত বলা যাবে।