টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। তিনি জানান, রডের বদলে বাঁশ ব্যবহারের বিষয়টির সত্যতা পেয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বাসাইল পৌরসভার মাইজখাড়া মরাগাঙ্গী এলাকায় ব্রিজটির নির্মাণকাজ দিনের পরিবর্তে রাতের আঁধারে করা হচ্ছিল। সন্দেহ হওয়ায় তারা রাতে নির্মাণকাজ পর্যবেক্ষণ করেন এবং একপর্যায়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার দৃশ্য দেখতে পান।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজটি পুনর্নির্মাণের কাজ পেয়েছে মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়। বর্তমানে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম দাবি করেন, কিছু অংশে শাটার বের করার সুযোগ না থাকায় বাঁশ দিয়ে খাঁচা তৈরি করে তার ওপর সিমেন্টের বস্তা ব্যবহার করে ঢালাই দেওয়া হয়েছে।
বাসাইল উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। তবে এটি জেলা প্রকৌশল দপ্তরের কাজ হওয়ায় বিষয়টির দায় উপজেলা প্রকৌশল দপ্তর নেবে না। জেলা প্রকৌশলীকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
ইউএনও মো. ইকবাল হোসেন দুরবীন নিউজ কে জানান, বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।










