নিজ বাড়ির শয়নকক্ষ থেকে আবদুল হালিম (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার দমদমা এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার জানায়, হালিমের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিন দিন আগে তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন। স্ত্রী ও নবজাতক হাসপাতালে থাকলেও চিকিৎসা ও বাড়িতে নেওয়ার খরচ নিয়ে আর্থিক সংকটে ছিলেন হালিম বলে পরিবারের দাবি।
সোমবার সকালে হালিমের বাবা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে শয়নকক্ষে খোঁজ নেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দমদমার ওপর দিয়ে কক্ষে প্রবেশ করে তাকে বাঁশের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আবদুর রউফ বলেন, স্ত্রী ও নবজাতককে হাসপাতাল থেকে বাড়িতে আনা এবং চিকিৎসার খরচ নিয়ে হালিম দুশ্চিন্তায় ছিলেন। আর্থিক সংকটের কারণে তিনি মানসিকভাবে চাপে ছিলেন বলেও জানান তিনি।
ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের দুরবীন নিউজ কে জানান, আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে হালিম দুশ্চিন্তায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।










