মোবাইল ফোন না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতে থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় একাই উপস্থিত হলে বিষয়টি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়।

শিক্ষার্থীর নাম আলামিন। সে হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের সফিকের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মোবাইল ফোন ব্যবহারের জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল আলামিন। কিন্তু মোবাইল না দেওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে একাই থানায় চলে আসে সে।

citytouch 728-X-90

থানায় আলামিনের সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক জহির হোসেন। তিনি শিশুটির কথা শুনে বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং পরে তার বাবা-মাকেও থানায় ডেকে আনেন।

পুলিশ পরিদর্শক জহির হোসেন দুরবীন নিউজ কে বলেন, শিশুটি অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। তাকে বুঝিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে বাবা-মাকে পারিবারিক বিষয়গুলো ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশের পরামর্শ ও পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার পর আলামিনকে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়েছে। ছোট বিষয়কে কেন্দ্র করে শিশুর মনে যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়েও তার বাবা-মাকে সতর্ক করা হয়েছে।