জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নারীদের গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। শিক্ষার্থীদের দাবি, তার মুঠোফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর একাধিক ছবি ও ভিডিও পাওয়া গেছে।

পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে বিষয়টি পর্যালোচনার পর তার কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। এরপর তাকে বিভাগের শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কাউন্সেলিংয়ের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

citytouch 728-X-90

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মনে হয়েছে শিক্ষার্থীটির কাউন্সেলিং প্রয়োজন। তাই তাকে বিভাগের শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবার ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের অভিযোগ, অনুমতি ছাড়া গোপনে ছবি বা ভিডিও ধারণ ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনা ঠেকাতে ক্যাম্পাসে নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।