জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাদুদ এবং লোক প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

citytouch 728-X-90

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কের একটি চায়ের দোকানের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, কোন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা তিনি জানেন না। তবে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশ ডেকে আনা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি; কয়েকজনের সামান্য আঘাত লাগতে পারে।

সংঘর্ষের পর ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার কারণ ও সংঘর্ষে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।