ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সচেতনতা তৈরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয় এ কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে প্রশাসন ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বিভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাসের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশানাশক ওষুধ ছিটান ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।