নাফীজ আহমেদ, ইবি:
২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ ও ৩ তারিখের যেকোনো একদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ই সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হবে।
জানা যায়, এদিন বঙ্গভবনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন উপাচার্য। এসময় রাষ্ট্রপতি ইবির ৫ম সমাবর্তনের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেন। সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে উপ-উপাচার্য প্রফেসর ড. মো: এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপ্রতির সাথে দেখা করে আমরা ইবির ৫ম সমাবর্তনের ব্যাপারে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আমাদেরকে সম্মতি দিয়েছেন। ২০২৭ সালের ফেব্রুয়ারির ১,২,৩ তারিখের মধ্যে তিনি যেকোনো একটি তারিখ নির্ধারণ করবেন। ওই তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে।










