মেহেরপুর প্রতিনিধি:

সরকারি অফিসের জায়গা জনসেবার কাজে ব্যবহারের কথা থাকলেও মেহেরপুরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের নিচতলার খোলা জায়গা দখল করে নার্সারি ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। ‘তুবা নার্সারি অ্যান্ড হর্টিকালচার সেন্টার’ নামে ওই প্রতিষ্ঠানে বিক্রির জন্য রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছের চারা।

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের নিচতলার প্রায় পুরো খোলা জায়গাজুড়ে সারি সারি করে রাখা হয়েছে নানা ধরনের গাছের চারা। এতে অফিসের প্রধান ফটকও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ। ভেতরে প্রবেশের জন্য ব্যবহার করা হচ্ছে ছোট একটি পকেট গেট। ফলে জরুরি প্রয়োজনে অফিস চত্বরে গাড়ি প্রবেশ করানোও কঠিন হয়ে পড়েছে।

citytouch 728-X-90

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, সরকারি কার্যালয়ের জায়গা নার্সারি ব্যবসার জন্য ব্যবহার করা হলেও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ বিষয়ে অফিসে উপস্থিত এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

এদিকে নার্সারি পরিচালনার বিষয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জেরে তুবা নার্সারির স্বত্বাধিকারী মিরাজুলের বিরুদ্ধে এক সাংবাদিককে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ০১৭২১৫৬১৮২০ নম্বর থেকে ফোন করে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ওই সাংবাদিককে হুমকি দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা সরকারি জায়গা দখলমুক্ত করার পাশাপাশি হুমকির অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে সরকারি জায়গায় নার্সারি পরিচালনার অনুমতি, জায়গাটি কীভাবে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে এবং সাংবাদিককে হুমকির অভিযোগের বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।