শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা সুসংহত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নারীর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। তৃণমূল পর্যায়ে এ কর্মসূচির সুফল পৌঁছে দিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’
বর্তমান রাষ্ট্রকাঠামো বিনির্মাণে নারী নেতৃত্বের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারে মহিলা দলেরও রক্ত-ঘাম আছে। আপনারাও এই সরকারের অংশ।’
দেশে নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘আজকে তো আর নুসরাতরা খুন হয় না, রুপারা খুন হয় না, আজকে খাদিজা, তনু, মিতু—এরা তো আর খুন হয় না; নির্যাতনের শিকার হয় না এবং কোনো সরকারি দলের কোনো নেতাকর্মী এই ধরনের অপকর্মের সঙ্গে কেউ জড়িত নয়। এখন সে ধরনের কোনো সংবাদ নেই।’
সমাবেশ থেকে সরকারের উন্নয়নমূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দেন রিজভী। তিনি বলেন, সমাজে নারীর অবস্থান শক্তিশালী করা এবং সামাজিক সুরক্ষার বলয় তৈরিতে সরকার যেসব কর্মসূচি বাস্তবায়ন করছে, সেগুলোর সুফল সাধারণ মানুষের কাছে সরাসরি তুলে ধরতে মহিলা দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।








