নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের সব জেলার গার্লস গাইড, বিএনসিসি, স্কাউট, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

citytouch 728-X-90

প্রধানমন্ত্রী বলেন, “তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে।”

তিনি বলেন, “আমি এখানে এসে দাঁড়িয়েছি, আপনাদের কাছে আমি একটা সাহায্য চাই। সবার কাছে একটি সাহায্য দরকার আমার।”

তারেক রহমান বলেন, দেশে স্কাউটের সদস্য সংখ্যা প্রায় ২৩ লাখ এবং বিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। এ ছাড়া সারা দেশের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এতগুলো মানুষ—আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনাদের দায়িত্ব নিতে হবে দেশটা কীভাবে আমরা গড়ে তুলব। এই দেশটা আমাদেরকেই গড়ে তুলতে হবে।”

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, “আগামী তিন মাস আমরা এই ডেঙ্গু সমস্যা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ ভাগ আমরা পারব।”

প্রধানমন্ত্রী বলেন, “আসুন, নিজেকে সুস্থ রাখি, আমরা নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি, নিজের দেশকে সুস্থ রাখার চেষ্টা করি। কাজটা কিন্তু খুব কঠিন নয়।”

তিনি বলেন, “একটা ঘণ্টা করে যদি প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকটা মানুষ সময় দিই—যে বাসাটায় থাকি, যে জায়গায় কাজ করি, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করি, আমরা যেখানেই থাকি না কেন, সেই জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুততার সঙ্গে আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে সক্ষম হব।”

পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের আগামী দিনের মূল লক্ষ্য একটি—পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ।”

অনুষ্ঠান থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক সমন্বিত উদ্যোগে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়।

স্বাগত বক্তব্যে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, “ডেঙ্গু কোনো একক সংস্থার সমস্যা নয়, এটি একটি যৌথ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। কেবল ওষুধ স্প্রে করে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়; প্রয়োজন উৎসেই এডিসের প্রজননস্থল ধ্বংস করা এবং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ।”