নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের কোন সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।
নিখোঁজকৃতরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো: ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা: শান্তা (১৬), টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো: শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে নিখোঁজ তিনজন বেড়াতে এসেছিলো। বিকালে বাড়ির সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও সাতাঁর না জানা তারা তিনজন গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভ ও নদীতে তলিয়ে যায়। বিষয়টি সাথের লোকেরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৪ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল আসলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।






