কুমিল্লা প্রতিনিধি-


citytouch 728-X-90

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এসব ঘটনায় মাদক সেবন ও পাচার, চুরি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই অভিযান চালানো হয়।


পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজের সামনে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা ও একটি অটোরিকশা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জালাল উদ্দিন (৪৩) নামে এক ব্যক্তি পালিয়ে যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউসের সামনে অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি গাঁজা ও একটি অটোরিকশাসহ এনামুল হক ওরফে শানুকে (৪২) গ্রেপ্তার করা হয়।


এ ছাড়া মাদক সেবনের অপরাধে বাহারুল ইসলাম (২৪), দুজন হাসান (৩৮ ও ২০), লিমন হোসেন (২৩) ও আল আমিনকে (২১) সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।


অন্যদিকে, জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি হেলাল উদ্দিন (৪৫) ও বিল্লাল হোসেন (৩৭) এবং একটি চুরি মামলার পলাতক আসামি রবিউল হাসানকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামি জালাল উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।