রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে পৃথক দুটি দল এসব অভিযান পরিচালনা করে।

ডিএনসি জানায়, যাত্রাবাড়ী এলাকায় লন্ডন এক্সপ্রেসের একটি বাসের হেলপার শান্ত দেব ওরফে বিপ্লবের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে আসছিলেন বলে জানা গেছে।

citytouch 728-X-90

অন্যদিকে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টর এলাকায় ফুটপাত থেকে মো. ইব্রাহিম (৩৬)-কে তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঢাকায় বিক্রির উদ্দেশ্যে তিনি ইয়াবা বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

অভিযানে গ্রেপ্তার অন্য দুজন হলেন রিপন সরকার (৪০)মো. সুলায়মান আলী টুটুল (৫৬)। তবে কোন আসামির কাছ থেকে কত পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী সংশ্লিষ্ট থানায় পৃথক চারটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি।