যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন। তাদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি কয়েকবার ফোন করার পর কাউসার ফোন না ধরায় স্টেশনে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। একপর্যায়ে কাউন্টারে থাকা ম্যানেজার ও বুকিং ক্লার্ককে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন তারা।
এর আগে স্টেশন এলাকায় অজ্ঞাত কয়েকজন টিকিট ব্ল্যাকার কাউসারকে মারধর ও হেনস্তা করে বলেও অভিযোগ রয়েছে। পরে হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় কাউন্টারের কার্যক্রম বন্ধ করে দেন কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা পর টিকিট বিক্রি ফের শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা ফাঁড়িতে এসেছেন। লিখিত অভিযোগ অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল হুদা সানি। তার দাবি, তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার থেকে অতিরিক্ত দামে কালোবাজারিদের কাছে টিকিট বিক্রির খবর পেয়ে তিনি স্টেশনে গিয়ে বিষয়টির প্রতিবাদ করেন। কাউকে মারধর করা হয়নি, অভিযোগটি ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।










