ঢাকা: রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে ৯ মাসের এক শিশুর মৃত্যুর পর গুরুতর অভিযোগ তুলেছেন স্বজনরা। স্বজন আসিফ হাসানের দাবি, ১ সেপ্টেম্বর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে শিশুটিকে পিআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুরুতে চিকিৎসকেরা শিশুটির সুগার কমে যাওয়ার কথা জানান। পরে বিভিন্ন সমস্যার কথা বলে চিকিৎসা চলতে থাকে।

আসিফের অভিযোগ, আজ শিশুটিকে আইসিইউতে নেওয়ার কথা জানানো হলে স্বজনরা একপ্রকার জোর করেই শিশুটিকে দেখতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, শিশুটি অনেক আগেই মারা গেছে।

citytouch 728-X-90

তিনি আরও অভিযোগ করেন, শিশুটির জন্য দেওয়া খাবারও খাওয়ানো হয়নি। এমনকি দায়িত্বে থাকা কোনো ডাক্তার বা নার্সকেও পাওয়া যায়নি। ফেসবুক লাইভ চলাকালীনও হাসপাতালে কোনো ডাক্তার ডিউটিতে নেই বলে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

শিশুটির চিকিৎসার নামে ২ লাখ টাকার বেশি বিল করা হয়েছে বলেও অভিযোগ করেন আসিফ। ফেসবুক লাইভ চলাকালে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বজনের দেওয়া তথ্য অনুযায়ী, ডা. আতিকুর রহমানের অধীনে শিশুটির চিকিৎসা চলছিল। তবে শিশুটির মৃত্যুর কারণ ও স্বজনদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।