জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গত ১৭ বছর মানুষ অত্যাচারী ও লুণ্ঠনকারীদের হাতে জিম্মি ছিল। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরও এসব ঘটনার সঙ্গে জড়িতদের অনেকের শাস্তি হয়নি। তবে আগামীতে তাদের শাস্তি হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘৫ আগস্ট এমন একটি অভ্যুত্থান ছিল, শেখ হাসিনার সঙ্গে প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররম মসজিদের খতিবও পালিয়ে গেছেন।’ গত ১৭ বছর যারা অত্যাচার ও লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিল, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ধরনের দলকে সমর্থন না করার জন্যও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

citytouch 728-X-90

তিনি বলেন, যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ন থাকে, সে জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার ওপর গুরুত্বারোপ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। যে বেতন গ্রহণ করেন, দায়িত্ব পালনের মাধ্যমে সেটি হালাল করে নিতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড।

তিনি আরও বলেন, কেউ কোনো ধরনের অনাচার বা চাঁদাবাজির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় তজুমদ্দিন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।