ইংল্যান্ড সফরের মাঝপথে পাকিস্তান দল থেকে বাদ পড়েছিলেন সালমান আলী আগা। দেশে ফিরেই ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে যেন সেই সিদ্ধান্তের জবাব দিলেন তিনি। প্রেসিডেন্টস ট্রফিতে খেলতে নেমে দুর্দান্ত এক ট্রিপল সেঞ্চুরি করেছেন পাকিস্তানের এই ব্যাটার।
অ্যাবোটাবাদ ক্রিকেট স্টেডিয়ামে মারখোর আইটি সলিউশনের বিপক্ষে শুরুটা মোটেও ভালো ছিল না কিংসমেন একাডেমির। মাত্র ৭২ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর উইকেটে এসে পরিস্থিতি পাল্টে দেন সালমান।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩৬ বলে ৩০০ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসটিকে আরও বিধ্বংসী করে তুলেছে ৪২টি চার ও ৬টি ছক্কা। ১২৭ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ২৭৬ বলে দুইশতে পৌঁছান সালমান। শেষ একশ রান করতে তার লেগেছে মাত্র ৬০ বল।
এই ইনিংস দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন সালমান। এতদিন তার ক্যারিয়ারসেরা ইনিংস ছিল ১৬৯ রান। পাশাপাশি এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৮তম শতক।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সালমান। তবে ব্যাট হাতে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ২১ ও ৪ রান। এরপর টিম ম্যানেজমেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে তাকে দল থেকে বাদ দেওয়া হয়।
সেই বাদ পড়ার পর দেশে ফিরে মাত্র এক দিনের ব্যবধানে ট্রিপল সেঞ্চুরি করে নির্বাচকদের সামনে নিজের সামর্থ্যের বড় প্রমাণ দিলেন সালমান। এমন পারফরম্যান্স তার জাতীয় দলে ফেরার দাবিকে আরও জোরালো করবে বলেই মনে করা হচ্ছে।









