সিরি আ’তে দলকে জেতানোর কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় পড়েছেন ক্যাগলিয়ারি ক্যালসিওর ফরোয়ার্ড ড্যানিয়েল মালদিনি। ইতালির মিলানে ভোরের দিকে দুটি গাড়ির সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে ২৪ বছর বয়সী এই ফুটবলারকে।
ইতালির সংবাদ সংস্থা আনসার তথ্য অনুযায়ী, রোববার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে মিলানের উত্তরাঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে তিনটি অ্যাম্বুলেন্স ও একটি মেডিকেল গাড়ি পৌঁছে আহতদের চিকিৎসা দেয়।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে মোট ছয়জন ছিলেন। তাদের মধ্যে একজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ড্যানিয়েল মালদিনিসহ অন্য পাঁচজনকে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
মালদিনিকে মিলানের ফাতেবেনেফ্রাতেল্লি হাসপাতালে ভর্তি করা হয়। তবে ইতালির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় তার আঘাত গুরুতর নয়।
এর মাত্র কয়েক ঘণ্টা আগেই সিরি আ’র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মালদিনি। ম্যাচের পর পাওয়া সেই স্বস্তির রাতই শেষ পর্যন্ত বদলে যায় ভোরের এই দুর্ঘটনায়।









