রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নুসরাত ফারিয়ার। এতে এক তরুণ ব্যারিস্টারের চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল তাকে। গল্পে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন তার চরিত্রটি। তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে আর থাকছেন না ফারিয়া।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের টানাপোড়েনকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প।

সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, নির্মাতা রায়হান খান তার খুব কাছের মানুষ। তার সঙ্গে সিনেমাটি নিয়ে কথা হয়েছিল। আইনজীবীর চরিত্রে অভিনয়ের কথা থাকলেও এখন তিনি আর সিনেমাটির সঙ্গে থাকছেন না। তার ভাষ্য, সিনেমাটির অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে বলে তিনি শুনেছেন। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।

citytouch 728-X-90

নিজের অংশের শুটিং না হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছেন ফারিয়া। তার মতে, সিনেমাটির অনেক অংশের শুটিং হয়ে গেলেও তার অংশের কাজ বাকি ছিল। যেহেতু তার চরিত্রের বেশির ভাগ দৃশ্য কোর্টরুমকেন্দ্রিক, তাই সেগুলোর শুটিং এখনো হয়নি।

তবে ফারিয়ার সিনেমা ছাড়ার বিষয়ে নির্মাতা রায়হান খানের বক্তব্য ভিন্ন। তিনি জানান, ফারিয়ার সঙ্গে সিনেমা ছাড়ার বিষয়ে তার কোনো আলোচনা হয়নি। তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদের অসুস্থতার কারণে সিনেমাটির বাকি শুটিং আটকে আছে বলেও জানান তিনি।

রায়হান খান আরও বলেন, ফারিয়ার সঙ্গে সিনেমার বিষয় নিয়ে সম্প্রতি কথা হয়নি। তার ধারণা, কোনো অভিমান থেকে ফারিয়া সিনেমাটি ছাড়ার কথা বলে থাকতে পারেন।

‘ট্রাইব্যুনাল’ সিনেমায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ আরও অনেকে। নির্মাতার আগের তথ্য অনুযায়ী, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে গত রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে কাজ থেমে যায়।

এদিকে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-র শুটিং ও অন্যান্য কাজ প্রায় শেষের দিকে। দীর্ঘ বিরতির পর আবার নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

এর পাশাপাশি নতুন সিনেমা **‘লজ্জা’**য় ও যুক্ত হয়েছেন ফারিয়া। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

‘লজ্জা’য় নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না ফারিয়া। তবে তার দাবি, এ ধরনের গল্প বা চরিত্রে এর আগে তাকে দেখা যায়নি।

একদিকে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানো, অন্যদিকে নতুন সিনেমা ও ওয়েব ফিল্মে ব্যস্ততা সব মিলিয়ে ফের আলোচনায় নুসরাত ফারিয়া। তবে ‘ট্রাইব্যুনাল’ ছাড়ার কারণ নিয়ে অভিনেত্রী ও নির্মাতার ভিন্ন বক্তব্যই এখন বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।