বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ‘সম্পর্কের বিনিয়োগ’ নিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন বর্ষা। তার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
বর্ষার ভাষ্য, যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেই সম্পর্কে বিনিয়োগ করতে হয়। তবে এই বিনিয়োগ শুধু টাকা-পয়সার মধ্যে সীমাবদ্ধ নয়। সম্পর্কের ক্ষেত্রে সময়, ব্যবহার, যত্ন এবং পারিবারিক বন্ধনও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জীবনে চলার জন্য অর্থ প্রয়োজন হলেও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সবসময় অর্থই সবচেয়ে বড় বিষয় নয়। তার কাছে সম্পর্কের আসল ‘ইনভেস্টমেন্ট’ হলো—সময় দেওয়া, ভালো ব্যবহার করা, যত্ন নেওয়া এবং একজন মানুষকে পারিবারিকভাবে নিজের জীবনের সঙ্গে যুক্ত করা।
বর্ষা আরও বলেন, কাউকে যদি সত্যিই জীবনের দীর্ঘ সময়ের জন্য পাশে রাখতে চান, তাহলে তাকে নিজের পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করা উচিত। এতে একসময় সেই মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা ও আত্মিক সম্পর্ক তৈরি হয়।
তার মতে, তখন কোনো সম্পর্ক থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার ভাবেন—তিনি চলে গেলে কী হবে এবং তৈরি হওয়া সম্পর্কগুলোর কী হবে। বর্ষার কাছে এটিই সম্পর্কের বড় একটি বিনিয়োগ।
সম্পর্কের ভিত্তি আরও শক্ত করার পরামর্শ দিয়ে এই অভিনেত্রী বলেন, পছন্দের মানুষকে বাবা-মা ও পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পারিবারিকভাবে আপন করে নেওয়া উচিত। কারণ কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবারের সঙ্গেও বন্ধন তৈরি করে, তখন সেখানে মায়া, সম্মান ও দায়বদ্ধতাও বাড়ে।
বর্ষার মতে, কোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন সময়, যত্ন, সম্মান, ভালো ব্যবহার এবং পারিবারিক বন্ধনের বিনিয়োগ।
২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আফিয়া নুসরাত বর্ষার। সিনেমাটিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও **‘মোস্ট ওয়েলকাম-টু’**সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।
২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অনন্ত জলিলকে বিয়ে করেন বর্ষা। তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান। বর্তমানে অভিনয়ের চেয়ে স্বামী-সন্তান ও পরিবার নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।










