ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছয় শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের চাকরিচ্যুতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

citytouch 728-X-90

চাকরিচ্যুত শিক্ষকরা হলেন—কৃষি রসায়ন বিভাগের মো. মেফতাউল ইসলাম সৈকত, কৃষিতত্ত্ব বিভাগের মারজানা ইয়াসমিন, মৃত্তিকা বিজ্ঞান অনুষদের সাইফুল্লাহ শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ বিভাগের মো. জাভেদ আজাদ, ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোছা. মাহমুদা পারভীন এবং মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের কে. বি. এম. সাইফুল ইসলাম।


বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই ছয় শিক্ষক শিক্ষা ছুটি নিয়ে বিদেশে যান। ছুটির নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তাঁরা কর্মস্থলে ফিরে যোগদান করেননি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশের জবাবে সংশ্লিষ্ট শিক্ষকদের পক্ষ থেকে সন্তোষজনক বা গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবারের সভায় তাঁদের চাকরিচ্যুতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।