জাহিদুল ইসলাম জসিম

রংপুর প্রতিনিধি:

রাতের আঁধারে পেঁপে বাগানে ঢুকে একে একে কেটে ফেলা হয়েছে প্রায় ৪১০টি গাছ। রংপুরের পীরগাছায় ৪৪ শতক জমির বাগানে এমন ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক শফিকুল ইসলাম। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

citytouch 728-X-90

বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক শফিকুল ইসলাম ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে। তাঁর ভাষ্য, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করে ৪৪ শতক জমিতে পেঁপের বাগান গড়ে তুলেছিলেন তিনি। বুধবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলে।

বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে কাটা গাছ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান শফিকুল। তাঁর দাবি, গাছগুলো নষ্ট করে দেওয়ায় বাগানটির প্রায় পুরো বিনিয়োগই ক্ষতির মুখে পড়েছে।

শফিকুল ইসলাম বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাঁর বাগানের প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলেছে। এতে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ঘটনায় পীরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক শফিকুল।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, একটি বাগানের শত শত গাছ কেটে ফেলার ঘটনা উদ্বেগজনক। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তারা।