মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতায় প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকা থেকে এ অভিযান শুরু করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। এ সময় তিনি নিজ হাতে মশক নিধন স্প্রে ছিটান এবং জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণায় লিফলেট বিতরণ করেন। ডেঙ্গু প্রতিরোধের এ অভিযানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা গোলাম নুর জনি, বাবলু ভূইয়া, মাহবুবুর রহমান টুটুল, আঃ কাদের, আঃ সালাম ব্যাপারী ও কাজী ফারুক।
এ সময় পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম শুরু করেছি। প্রথম দিনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দের ডেঙ্গু প্রতিরোধে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ডেঙ্গুতে এখানে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আর যাতে নতুন করে মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য আমাদেরকে সচেতন ও সর্তক থাকতে হবে।









