চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঈদগাহে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পরিবারের তিনজনসহ মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নিহতদের মধ্যে ভাই-বোন ও তাদের মামা রয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।
নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক জানান, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন।
পুলিশ জানায়, শিকলবাহা এলাকায় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত সাতজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালান।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।









