কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চং নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—করিমগঞ্জ উপজেলার পুরান চামড়া এলাকার ইসাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং চং নোয়াগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে মোকারিম (২৮)।

citytouch 728-X-90

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম ও মোকারিম শুক্রবার রাতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। শনিবার সকালে চং নোয়াগাঁও এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুই পরিবারের পরিবেশ।

সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজনই তাঁর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার কথা জানান।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, বজ্রপাতে দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।