জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার পর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্বে প্রক্টর কার্যালয়ে লিখিত সমঝোতা হলেও বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার সূত্রপাত গত ১ সেপ্টেম্বর। অভিযোগ অনুযায়ী, জাবির ওই ছাত্রীকে মাভাবিপ্রবির এক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে মারুফ নামের এক শিক্ষার্থী ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিনই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিপিএস (ক্রাইমোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স) বিভাগের শিক্ষার্থী, সাংবাদিক প্রতিনিধি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর সংশ্লিষ্টরা একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করে বিষয়টির নিষ্পত্তিতে সম্মত হন।
তবে সেই সমঝোতার কয়েকদিন পরই ঘটনাটি ঘিরে আবারও উত্তেজনা দেখা দেয়। রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে সিপিএস ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ ঘটনায় দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা বা তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সংবাদ লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।








