দীর্ঘদিনের দুর্ভোগের পর এক কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল চাঁদপুর সদর উপজেলার শাহতলী জেলা কারাগার সড়ক। কিন্তু কাজ শেষ হওয়ার এক মাস পার হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে ঢালাই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোথাও কোথাও হাতের সামান্য চাপে ঢালাইয়ের অংশ গুঁড়ো হয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকা সড়কটি সংস্কার হওয়ায় তারা স্বস্তির আশা করেছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই ঢালাই উঠে যাওয়ায় সড়কের নির্মাণমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ব্যবহৃত উপকরণের মান, ঢালাইয়ের পুরুত্ব ও কাজের তদারকি যথাযথ ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা মো. ফারুক ও মিজানুর রহমান বলেন, সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। সংস্কারের পরও কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় তারা হতাশ। যানবাহনচালক কাদের ও লিটনেরও আশঙ্কা, এভাবে চলতে থাকলে সড়কটি বেশিদিন টেকসই হবে না।
এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হাত আমিন পাটওয়ারী বলেন, সড়কে কয়েকটি স্থানে স্কুলের শিক্ষক ও এলাকাবাসীর অনুরোধে স্পিড ব্রেকার তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, এসব স্থানে ঢালাই যথাযথভাবে করা সম্ভব হয়নি। তিনি জানান, সড়কের অধিকাংশ অংশ ভালো রয়েছে, তবে দুই-একটি স্থানে সমস্যা দেখা দিয়েছে। সরেজমিনে পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ঠিকাদার মো. আলমগীর বলেন, সড়কের যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো ঠিক করে দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু মেরামত করলেই হবে না; কেন এত দ্রুত ঢালাই উঠে গেল, তা-ও খতিয়ে দেখতে হবে।
সরকারি অর্থে সংস্কার করা সড়কের স্থায়িত্ব নিশ্চিত করা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত অংশের নির্মাণমান ও কারিগরি ত্রুটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে অল্প সময়ের মধ্যে সড়কটি আবারও চলাচলের দুর্ভোগের কারণ না হয়।









