‘ইমন বিয়ে না করলে আর কোথাও বিয়ে করব না’এমন দাবি নিয়ে দিনাজপুরের হাকিমপুরে প্রেমিক নাজমুল সরকার ইমনের বাড়িতে চার দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। তার অভিযোগ, স্কুলজীবন থেকেই ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তুললেও এখন ইমন তাকে বিয়ে করতে চাইছেন না।

ঘটনাটি ঘটেছে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামে। তরুণীর দাবি, একই কোচিংয়ে পড়ার সুবাদে ইমনের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের কথা উঠলে ইমন যোগাযোগ কমিয়ে দেন বলে অভিযোগ তার।

citytouch 728-X-90

তরুণী বলেন, “সে আমাকে ভালোবাসি-ভালোবাসি বলে পাগল করে ফেলেছিল। আমি তাকে অনেক ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। অন্য কোথাও বিয়ে করব না।” তার দাবি, ইমনের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে তিনি তার বাড়িতে এসেছেন। তবে তিনি আসার পর ইমন বাড়ি ছেড়ে চলে গেছেন।

ইমনের বাবা ইসিম সরকার বলেন, মেয়েটি হঠাৎ বাড়িতে এসে ছেলের সঙ্গে সম্পর্কের কথা বলেছে। তবে তাদের সম্পর্কের বিষয়ে আগে তিনি কিছু জানতেন না। তিনি বলেন, সম্পর্কের প্রমাণ পাওয়া গেলে ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দিতে তার আপত্তি নেই। তবে বর্তমানে ইমনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন জানান, মেয়েটির সঙ্গে কথা বলে জানা গেছে, ইমনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এবং ইমনই তাকে বাড়িতে আসতে বলেছেন বলে দাবি করেছে। দুই পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, দুজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।