মোংলায় মুদি ব্যবসায়ী সবুর তালুকদারের গোডাউন থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে মজুদ করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার দুপুরে পৌর শহরের প্রধান বাজারে মেসার্স শোভা স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।


কোস্ট গার্ড জানায়, অভিযানে গোডাউনের ভেতর থেকে ৭৮টি ব্যারেলে রাখা অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ওই তেলে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

citytouch 728-X-90


অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের সঙ্গে অভিযানে অংশ নেন পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তারাও।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুর তালুকদারের গোডাউন থেকে ৭৮ ব্যারেল অবৈধ তেল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেল পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি কোস্ট গার্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


তিনি আরও জানান, পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা তেলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে, এর আগেও র‍্যাবের অভিযানে সবুর তালুকদারের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ভোজ্যতেল জব্দ করা হয়েছিল বলে জানা গেছে।