নরসিংদী প্রতিনিধি:

বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ঘাড়ে বিপুল ঋণের বোঝা রেখে দেশ থেকে পালিয়েছে। বর্তমানে দেশের প্রতিটি মানুষের মাথাপিছু প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কর্মসূচির আওতায় নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাদুয়ারচর উত্তরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির নির্মাণে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি হাজীপুর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

citytouch 728-X-90

শিরিন সুলতানা বলেন, “আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজরা নিজের দেশে গ্যাসকূপ খনন না করে পাশের দেশকে খুশি করার জন্য ১ টাকার জিনিস ১০ টাকা দিয়ে গ্যাস এনেছে, দেশে ভর্তুকি দিয়েছে। আজকে আমাদের হাজার হাজার কোটি টাকা জনগণের ঘাড়ে রেখে গেছে।”

তিনি আরও বলেন, “একেকজন জনগণের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে দেশ থেকে পালিয়ে গেছে। একজন শিশু যদি জন্মগ্রহণ করে, তার ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করতে হবে। এমন বেহাল দশার মধ্য দিয়ে আমরা দেশ পরিচালনা করছি।”

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, “বাংলাদেশের সব ধর্মের মানুষকে নিয়ে একত্রে বাংলাদেশি জাতি হিসেবে গড়ে তুলতে চাই। কারও ভয়ের কারণ নেই।”

তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়ে একটি দল আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে নিজেদের পরিচয় গোপন করে রাজনীতি করেছে। এখন তারা নিজেদের পরিচয়ে ফিরে এসে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ছত্রছায়ায় সভা-মিছিল করছে এবং দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে।

অনুষ্ঠানে হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুর কবির ভূঁইয়া জাহিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবদুল হান্নান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিরিন সুলতানা।

এ সময় জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসাদুল হায়াত মুকুল, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান খান, নরসিংদী সদর উপজেলা যুবদলের সদস্যসচিব আলী হাসান মুজাহিদ রুবেল, হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান আংগুর, নরসিংদী সদর উপজেলা বিএনপির সহসভাপতি মহালম সরকার, হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান এবং হাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ আশরাফুল ইসলাম খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির নির্মাণের জন্য ৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।