মো: সামিরুজ্জামান, নিজেস্ব প্রতিবিদক

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ‘বিশ্বের সেরা অভিনেত্রী’। তাঁর অভিযোগ, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সামনে শেখ হাসিনা সহানুভূতি দেখালেও গুমের ঘটনা সম্পর্কে তিনি অবগত ছিলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।

citytouch 728-X-90

হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে নিয়ে শেখ হাসিনা তাঁদের সান্ত্বনা দিতেন এবং স্বজনদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। কিন্তু তাঁর দাবি, এসব ঘটনায় শেখ হাসিনা নিজেই গুমের বিষয়ে জানতেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘একজন ব্যারিস্টারকে আট বছর হ্যান্ডকাফ পরিয়ে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল।’ তাঁর দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর ওই ব্যক্তি মুক্ত হয়ে সংসদ সদস্য হয়েছেন।

সাবেক সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশ ও পর্দার অস্বাভাবিক দাম নির্ধারণের ঘটনা নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল। তাঁর অভিযোগ, তৎকালীন সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজের পরিবর্তে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বিগত সরকারের স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতার অভিযোগ তোলেন। হাফিজ উদ্দিন আহমদের দাবি, ২০১০ সালের উপনির্বাচনে তাঁর নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই সময় তাঁর নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে মারধর করে আহত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

মতবিনিময় সভায় লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয় সমস্যা, সাংগঠনিক কার্যক্রম ও এলাকার উন্নয়ন নিয়ে তাঁরা মতামত তুলে ধরেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ উপজেলা বিএনপি এবং নয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।