রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আগেই ১১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৮০ থেকে ১০০ জনকে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

citytouch 728-X-90


পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-৩ সড়কের কেএফসি গলিতে হঠাৎ করে ১৫০ থেকে ২০০ জন জড়ো হন। পরে তারা সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে নিকেতন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়।


এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের এক এসআই দুটি ফাঁকা গুলি ছোড়েন। পরিস্থিতি বুঝে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে সেখান থেকে পাঁচটি জীবিত ককটেল উদ্ধার করা হয়।


ঘটনাস্থল থেকে মো. আরাফাত (২০) ও এ. রহিম (৪৯) নামে দুজনকে প্রাথমিকভাবে আটক করে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, পুরো মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়।


মিছিলের বিষয়ে গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপির উপকমিশনার বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। তবে গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের মিছিলের সুযোগ তৈরিতে কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।


এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে গুলশান এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।