আন্তর্জাতিক ডেস্ক: বিদেশ সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে অদ্ভুত এক তথ্য। প্রতিবেদন অনুযায়ী, বিদেশে সফরের সময় পুতিনের ব্যবহৃত মল-মূত্র সংগ্রহ করে বিশেষভাবে সিলগালা করা ব্যাগ বা ব্রিফকেসে করে রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হয়।

বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যাতে তার দেহবর্জ্য থেকে শারীরিক অবস্থা বা স্বাস্থ্যসংক্রান্ত কোনো তথ্য সংগ্রহ করতে না পারে, সে কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই ধরনের তথ্য এর আগে পুতিনের ফ্রান্স ও সৌদি আরব সফর নিয়েও প্রকাশিত হয়েছিল।

বর্তমানে ভারত সফরে থাকা পুতিনের ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনডিটিভির সাম্প্রতিক প্রতিবেদনে পুতিনের ভারত সফর, তার কঠোর নিরাপত্তা এবং সফরকালে ব্যবহৃত বিশেষ নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

citytouch 728-X-90

বিদেশ সফরে ‘বিশেষ টয়লেট’

পুতিনের দেহবর্জ্য সংগ্রহের বিষয়টি প্রথম আলোচনায় আসে ২০১৭ সালের ফ্রান্স সফর এবং ২০১৯ সালের সৌদি আরব সফরকে কেন্দ্র করে। বিভিন্ন অনুসন্ধানী সাংবাদিকের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা তার মল ও মূত্র বিশেষ প্যাকেটে সংগ্রহ করে পরে একটি নির্দিষ্ট ব্রিফকেসে রাশিয়ায় নিয়ে যান।

সাবেক বিবিসি সাংবাদিক ফরিদা রুস্তমোভাও এ ধরনের ঘটনার কথা উল্লেখ করেছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। তার বরাত দিয়ে দাবি করা হয়, পুতিনের ক্ষমতায় আসার শুরুর সময় থেকেই বিদেশ সফরে এ ধরনের ব্যবস্থা অনুসরণ করা হয়ে থাকতে পারে।

কেন এত গোপনীয়তা?

বিশ্লেষকদের মতে, মানুষের দেহবর্জ্য থেকেও স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন জৈবিক তথ্য পাওয়া সম্ভব। ফলে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা যেন পুতিনের স্বাস্থ্য বা শারীরিক অবস্থা সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে না পারে, সে কারণেই এমন সতর্কতা নেওয়া হতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

খাবারেও কঠোর নিরাপত্তা

বিদেশ সফরে পুতিনের খাবার নিয়েও কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার খাবারের উপকরণ পরীক্ষা করা এবং খাবার পরিবেশনের আগে বিভিন্ন ধরনের নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

‘ডুমসডে প্লেন’ ও সুরক্ষিত গাড়ি

পুতিনের বিদেশ সফরে নিরাপত্তার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ তার বিশেষ বিমান ও গাড়ি। ভারত সফরে তিনি সুরক্ষিত Aurus Senat লিমুজিন ব্যবহার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠকের পর দুজনকে ওই গাড়িতে একসঙ্গে যেতে দেখা যায়।

এ ছাড়া পুতিনের ব্যবহৃত Ilyushin IL-96-300PU বিমান নিয়ে নিরাপত্তার নানা তথ্যও প্রকাশিত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের সফরে একই ধরনের দুটি বিমান একসঙ্গে উড়তে পারে, যাতে কোন বিমানে তিনি রয়েছেন তা নিশ্চিত করা কঠিন হয়। বিমানটিতে উন্নত যোগাযোগ ও প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম