নেত্রকোণা প্রতিনিধিঃ
আটপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৪ নম্বর বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ওমর হাসান রূপন বলেছেন, আটপাড়া উপজেলা বিএনপি আমার পরিবার থেকে সৃষ্টি। আমি শতভাগ আশাবাদী দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে।
আজ বুধবার সকাল ১০ টা থেকে বানিয়াজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাজারো নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। শোডাউন শেষে আয়োজিত পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
দীর্ঘদিন পর তৃণমূল পর্যায় থেকে নির্বাচনের যে আবহ তৈরি হয়েছে, তা উল্লেখ করে ওমর হাসান রূপন বলেন, "আমি দীর্ঘদিন যাবত তৃণমূলে সাধারণ মানুষের সঙ্গে কাজ করছি। আগামী মাসেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে—এমন প্রত্যাশায় আজ শত শত সাধারণ মানুষ ও নেতাকর্মী আমার পাশে এসে দাঁড়িয়েছেন। জনগণের এই উচ্ছ্বাস ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করে বিএনপির এই নেতা আরও বলেন, "আমার বাবা প্রয়াত ইদ্রিস আলী মাস্টার বিএনপির সৃষ্টিলগ্ন থেকেই আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় এই বানিয়াজান ইউনিয়নেরও নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। শৈশব থেকেই বাবাকে দেখেছি কীভাবে সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করতে হয়। আমি বাবার সেই রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ করেই আজ তৃণমূলে কাজ করে যাচ্ছি।"
এ সময় বানিয়াজান ইউনিয়নকে একটি আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "আমার লক্ষ্য থাকবে এই এলাকাকে মাদকমুক্ত করা, জুয়া ও সব ধরনের সামাজিক অপরাধ নির্মূল করা এবং সমাজের অবহেলিত ও বঞ্ছিত মানুষের পাশে এসে দাঁড়ানো। বাবার দেখানো পথেই আমি বানিয়াজান ইউনিয়নকে পুনর্গঠন করতে চাই।"
শোডাউনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।









