​নেত্রকোণা প্রতিনিধিঃ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা সদর উপজেলার ৩ নম্বর ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. শরীফ ফকির। নির্বাচন ঘিরে মঙ্গলবার সকালে ইউনিয়নের বিভিন্ন সড়কে তাঁর সমর্থকদের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। এ সময় মিছিল থেকে তাঁর পক্ষে নানা স্লোগান দেওয়া হয়।

​প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন শরীফ ফকির। তিনি জানান, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে তিনি এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে চান।

citytouch 728-X-90

​নিজের পারিবারিক প্রেক্ষাপট ও রাজনীতির পথচলা তুলে ধরে শরীফ ফকির বলেন, এখন নতুন যুগ। বর্তমানে তরুণদের মাধ্যমেই নেতৃত্ব আসছে, সাম্প্রতিক আন্দোলনও তরুণদের মাধ্যমেই হয়েছে। একজন তরুণ হিসেবে আমি এই ইউনিয়নে জনসেবামূলক কাজ করতে চাই। চাকরি বা ব্যবসা করার সুযোগ থাকা সত্ত্বেও সে পথে না গিয়ে জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যাতে বড় পরিসরে সেবা করা যায়।

​বিগত রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে ১৭ বছর ধরে মাঠে ছিলাম শুধু মানুষের সেবা করার তাগিদ থেকে। পারিবারিকভাবেই আমার বাবা একজন জনপ্রতিনিধি হিসেবে জনসেবা করে গেছেন। জনগণ যদি আমাকে সমর্থন করে, আমিও আজীবন তাঁদের সেবায় নিয়োজিত থাকব।

​মো. শরীফ ফকির বর্তমানে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছাড়াও অতীতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি ঠাকুরাকোনা এলাকার মো. আব্দুল মালেক ফকির ও হালেমা আক্তার দম্পতির সন্তান।