নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার মদনে পৌরসভা ভিত্তিক পবিত্র হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার মডেল মসজিদ সংলগ্ন কোর্ট ভবনে স্থানীয় ৪৩ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী (শায়খে ফতেহপুরী)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার। ক্বওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) মদন উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হুসাইন এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহম্মেদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন।
মদন পৌরসভার নিবন্ধিত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ গ্রুপ (৫ পারা) ও ‘খ’ গ্রুপ (১০ পারা)—এই দুই ভাগে প্রতিযোগিতাটি বিভক্ত ছিল। এতে পৌরসভার সকল ক্বওমি ও হাফিজিয়া মাদ্রাসার মোট ৪৩ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
কুরআন প্রতিযোগিতার মূল উদ্যোক্তা, মদন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র নমিনি ও পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. এনামুল হক বলেন, আমাদের মদন উপজেলা একটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা এবং ভাটি বাংলার প্রাণপুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের এলাকা। এখানে অনেক মাদ্রাসা থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করার উদ্যোগ তুলনামূলক কম। ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একটি পুরস্কার পেলে কুরআন শেখার প্রতি তাদের উৎসাহ বহুলাংশে বেড়ে যাবে।
তিনি আরও বলেন, পৌরসভার ভেতরের সবকটি মাদ্রাসা, মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, ইউএনও মহোদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আমরা এ আয়োজন করেছি। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো বার্তাটি যেন সাধারণ অভিভাবক ও মুসল্লিদের কাছে পৌঁছায় এবং তারা যেন উৎসাহিত হয়ে নিজেদের সন্তানদের মাদ্রাসামুখী ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন।










