হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী পরিচয়ে ফেসবুকে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে শহীদুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাস থেকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়ে যান। অভিযোগ রয়েছে, শহীদুল নিজেকে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে ‘বাবু আহমেদ’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদুল বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের শিক্ষার্থী নন। তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি যাচাই করেন। পরে শিক্ষার্থীদের সহায়তায় তাকে ক্যাম্পাস থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের ভুয়া পরিচয় ও ফেসবুক আইডি ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে অনলাইনে যোগাযোগ এবং নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়ার কথাও তিনি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম বলেন, অভিযোগ পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে যুবকটিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন এবং তার অভিভাবককে বিষয়টি জানানো হয়।
তিনি জানান, বর্তমানে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার ব্যবহৃত সিমগুলো জব্দ করা হয়েছে এবং ফেসবুক আইডিগুলো ডিলিট করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









