চাঁদপুরের শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে ‘লাপাত্তা’ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর শ্বশুর।
অভিযোগে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ চলে যান। এরপর থেকে তাদের দুজনের মুঠোফোন বন্ধ রয়েছে। ইব্রাহিম খলিল সম্পর্কে রহমত উল্লাহর চাচাতো ভাই।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলমের দাবি, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে এলে ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলের স্ত্রী বাড়ি থেকে স্বর্ণ ও টাকা নিয়ে চলে গেছেন।
অভিযোগের বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান দুরবীন নিউজ কে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি পুলিশ তদন্ত করছে।










