নিজের দলের সহযোদ্ধার রক্তের দাগ না শুকাতেই হত্যা মামলায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সেই আসামীর সঙ্গেই এবার চলছে ভূরিভোজ। কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনের সঙ্গে স্থানীয় ইউনিয়ন যুবদলের শীর্ষ নেতৃত্বের এমন প্রকাশ্য অবস্থানের দৃশ্য সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় শুরু হয়েছে।


এক ঘরোয়া অনুষ্ঠানে আয়োজিত ‘খেপসা পার্টিতে’ কালির বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম ওরফে শাকিল রেজাকে সরাসরি ওই দণ্ডপ্রাপ্ত আসামির পাশে বসে আয়েশ করে খাবার খেতে দেখা গেছে।

citytouch 728-X-90


আদালতের নথি অনুযায়ী, ২০২০ সালের জুনে ছাত্রদল নেতা পারভেজ হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান সেকান্দার আলী ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেনসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।


আদালতের রায়ে দণ্ডিত এক আসামির সঙ্গে শহীদ ছাত্রদল নেতার নিজ সংগঠনের দায়িত্বশীলদের এমন ঘনিষ্ঠতাকে চরম ‘রাজনৈতিক সমঝোতা ও আদর্শিক স্খলন’ হিসেবে দেখছেন স্থানীয়রা। এ ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীরা। নিজ দলের নেতার রক্তের সঙ্গে এমন আপসকে ক্ষমার অযোগ্য উল্লেখ করে অভিযুক্ত যুবদল নেতাদের অবিলম্বে দল থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থার দাবি তুলেছেন তারা।