অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘ইউএস কনস্টিটিউশন ডে’ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আইনটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে মানুষের প্রয়োজন অনুযায়ী আইনটি সংশোধন করা হবে।

citytouch 728-X-90

তিনি বলেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। এরই মধ্যে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি সংবাদমাধ্যম বা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

এর আগে অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা বলেন তিনি। সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়েও বক্তব্য দেন আইনমন্ত্রী।