দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রামায়া কৃষ্ণানকে ঘিরে পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে পুরোনো প্রেমের গুঞ্জন আবারও আলোচনায় এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৯৯৯ সালে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়।
প্রতিবেদন অনুযায়ী, রবিকুমার বিবাহিত থাকা অবস্থাতেই দুজনের সম্পর্ক নিয়ে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে আলোচনা ছিল। পরবর্তী সময়ে অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন এবং বিষয়টি রবিকুমারের স্ত্রী জানতে পেরে তাকে হুমকি দিয়েছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
এরপর সন্তানের জন্ম ও পরিচয় দিতে পরিচালক রাজি না হওয়ায় রামায়া গর্ভপাতের সিদ্ধান্ত নেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি এ কারণে তিনি রবিকুমারের কাছে ৭৫ লাখ টাকা দাবি করেছিলেন বলেও দাবি করা হয়েছে।
তবে রামায়া কৃষ্ণান ও কে এস রবিকুমার দুজনেই বিভিন্ন সময়ে গণমাধ্যমের কাছে প্রেম ও গর্ভপাতের এসব খবর অস্বীকার করেছেন। ফলে বিষয়টি নিয়ে প্রকাশিত তথ্যগুলোকে পুরোনো গণমাধ্যম-প্রতিবেদন ও গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।
পরবর্তীতে ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসিকে বিয়ে করেন রামায়া। তাদের এক পুত্রসন্তান রয়েছে, নাম হৃত্বিক কৃষ্ণান। দুই যুগের বেশি সময়ের অভিনয়জীবনে প্রায় ২৬০টি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ তাকে রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ সিনেমায় দেখা গেছে।









