বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লুণ্ঠিত মালামাল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া থেকে ঢাকায় আসার পর ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে রনজিনা পারভীন রিকশায় করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়।
ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে গত ৩০ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা করা হয়।
রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।










