ভ্রমণ, জীবনযাপন ও দৈনন্দিন কেনাকাটায় বাড়তি সুবিধা নিয়ে বাংলাদেশে নতুন প্রিমিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে সিটি ব্যাংক। ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ নামে কার্ডটি আগামী ১ অক্টোবর থেকে গ্রাহকদের জন্য আবেদনযোগ্য হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করা হয়। এতে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি ব্যাংক জানিয়েছে, কার্ডটি সিকিউরড ও আনসিকিউরড—দুই ধরনের সুবিধায় পাওয়া যাবে। দেশে ও বিদেশে কেনাকাটাসহ বিভিন্ন লেনদেনে এটি ব্যবহার করা যাবে।
নতুন কার্ডের গ্রাহকদের জন্য রয়েছে উদ্বোধনী সুবিধা হিসেবে প্রথম তিন মাসে যোগ্য খরচের ওপর সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ৫ শতাংশ ক্যাশব্যাক অথবা ৫ হাজার টাকার ট্রাভেল লাগেজ ভাউচার। ভ্রমণকারীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেসের দেশি-বিদেশি লাউঞ্জে বিনা খরচে প্রবেশের সুবিধা পাবেন। প্রাইমারি কার্ডধারী সঙ্গে সর্বোচ্চ দুজন অতিথিকেও নিতে পারবেন।
এ ছাড়া নির্বাচিত বিমানবন্দরে প্রাইমারি কার্ডধারীদের জন্য বছরে ১২টি পর্যন্ত প্রাইওরিটি পাস লাউঞ্জ ভিজিটের সুবিধা থাকবে। আন্তর্জাতিক এটিএম থেকে নগদ উত্তোলনে সিটি ব্যাংকের কোনো ক্যাশ উইথড্রয়াল ফি থাকবে না। শাহজালাল বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সেবা, আন্তর্জাতিক বিমান টিকিট ও দেশীয় হোটেলে বিভিন্ন ছাড় এবং নির্দিষ্ট শর্তে ভ্রমণ ও লাগেজ-সংক্রান্ত সুবিধাও থাকছে।
কার্ডে প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচে তিনটি করে মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট পাওয়া যাবে। এসব পয়েন্ট উপহার ভাউচার, বার্ষিক ফি মওকুফ ও কেনাকাটায় ব্যবহার করা যাবে।
নির্বাচিত আন্তর্জাতিক হোটেল চেইনের বাংলাদেশি শাখাগুলোতে সপ্তাহান্তে ‘বাই ওয়ান, গেট ওয়ান’ বুফে সুবিধাসহ খাবার, কেনাকাটা, ভ্রমণ ও জীবনযাপনসংক্রান্ত আরও বিভিন্ন অফার থাকবে বলে জানিয়েছে সিটি ব্যাংক। তবে এসব সুবিধা প্রযোজ্য শর্ত, যোগ্যতা ও নীতিমালার ওপর নির্ভরশীল।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসাইন খালেদ বলেন, গ্রাহকদের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় আন্তর্জাতিক সুবিধা, দৈনন্দিন ব্যবহার ও ভ্রমণসুবিধাকে একত্র করে নতুন কার্ডটি তৈরি করা হয়েছে। আমেরিকান এক্সপ্রেসের এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক অ্যান্ড পার্টনার সার্ভিসেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ গুপ্তও অনুষ্ঠানে বক্তব্য দেন।









