নাফীজ আহমেদ, ইবি:


দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।



ইউট্যাব ইবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। সংবর্ধিত অতিথিদের সবাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

citytouch 728-X-90



সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আমার প্রাণের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, এখানেই লেখাপড়া করব—এই আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত ছিলাম। এখানে এসে সবার সঙ্গে মিলেমিশে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের এখানে এবং বাইরেও বিভিন্ন দায়িত্বে দেওয়া হয়েছে—এটা আমাদের জন্য গর্বের।’



ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ইসলামি, সাধারণ ও বিজ্ঞান শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ঐতিহাসিক গুরুত্ব আমাদের বুঝতে হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ের সম্মান ও অগ্রগতিকে এগিয়ে নিতে জাতীয়তাবাদী শক্তির সবাইকে অতীতের কথা ভুলে উদার মানসিকতা ও আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।



মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ইউট্যাবের কার্যক্রমের ইতিহাস তুলে ধরে বলেন, ‘আমাকে যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা একদমই নতুন একটি বিশ্ববিদ্যালয়। সেখানে সবকিছুই একদম শুরু থেকে শুরু করতে হচ্ছে। বিভাগ চালু, শ্রেণিকক্ষের ব্যবস্থা, জমি অধিগ্রহণ, প্রশাসনিক কার্যক্রম—সবই আমরা শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং আচার্য আমাদের যে দায়িত্বটা দিয়েছেন, তা যথারীতি পালন করতে পারি—এই জন্য সকলের দোয়া কামনা করি।’



ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘সরকার গঠনের পর বিভিন্ন দায়িত্ব বণ্টন ও মূল্যায়নের ক্ষেত্রে অতীতে নানা ব্যতিক্রম দেখা গেলেও এবার ইউট্যাবের মহাসচিবের উদ্যোগে বিগত দিনে শ্রম ও ত্যাগ স্বীকার করা নেতাদের নাম উচ্চতর পর্যায়ে তুলে ধরে মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের অতীতের প্রশাসনিক কার্যক্রমগুলো খুব একটা সিস্টেমেটিক্যালি করা হয়নি। আমরা আমাদের জায়গা স্বচ্ছতার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চেষ্টা করছি।’



অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।