ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) “মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু প্রতিরোধ করি” স্লোগানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

citytouch 728-X-90

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি এলজি) ও উপসচিব জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, সিভিল সার্জন ডা. মো. সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মসূচিতে ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযান চলাকালে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়। মশার বিস্তার রোধে নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিক সচেতনতা, পরিচ্ছন্নতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।